রমজানে ১০ ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

আগামী রমজান মাসকে সামনে রেখে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনিসহ দশটি পণ্য আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলার দিয়ে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

যে পণ্যগুলোর ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে সেগুলো হলো- চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর।

আগামী রমজান উপলক্ষ্যে এই জাতীয় ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে এই পণ্যগুলোর আমদানি সহজীকরণের মাধ্যমে মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই সার্কুলারে বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারের এসব পণ্যের সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দেওয়া পরামর্শ দেওয়া হলো। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং আগামী বছরের ১৫ই মার্চ পর্যন্ত বলবৎ থাকবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.