ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন নিয়ে এখন পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্রের পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের সার্বিক ব্যবস্থাপনা তদারকি করা হবে।
বুধবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আখতার আহমেদ বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে। এই নির্বাচন পর্যবেক্ষণে আগের ধারাবাহিকতা মেনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং পরবর্তী সময়ে শেরপুর ও বগুড়ার দুটি আসেনের উপ-নির্বাচনেও একই ব্যবস্থা রাখা হয়েছিল। তিনি বলেন, মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। বিজিবি, এসআরপি ও পুলিশের সঙ্গে সমন্বয় করে মনিটরিং করা হবে। বডি ক্যামেরার পাশাপাশি বিজিবি ও পুলিশের বডি ক্যামেরা এবং বিজিবির ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হবে।
ইসির সিনিয়র সচিব জানান, ভোটের দিনের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ও সংবাদ পোর্টালে প্রকাশিত খবর এবং তথ্যও যাচাই-বাছাই করা হচ্ছে। সেসব তথ্য পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ঠাকুরগাঁও-১ আসনে সব শ্রেণির ভোটারের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং রিটার্নিং কর্মকর্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.