দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৬ জন।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে এবং চট্টগ্রাম বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। বাকি ১ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ২৮০ জনের শরীরে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৬ জন। ফলে এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৪০০ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.