পাঁচ বছর পর ছেলের সঙ্গে সু চিকে কথা বলার সুযোগ দিলেন জান্তা

মিয়ানমারের গৃহবন্দী সাবেক নেত্রী অং সান সু চি পাঁচ বছর পর তাঁর ছেলে কিম অ্যারিসের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার কিম অ্যারিস জানান, এদিন তিনি মায়ের সঙ্গে কথা বলেছেন।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক জান্তা। এরপর থেকে বন্দী রয়েছেন শান্তিতে নোবেলজয়ী এই নেত্রী। এত দিন ৮১ বছর বয়সী মায়ের বিষয়ে তৃতীয় পক্ষের মাধ্যমে খবর পেতেন ছেলে অ্যারিস।

মায়ের সঙ্গে কথা বলার পর এক বিবৃতিতে কিম অ্যারিস বলেন, ‘আবার মায়ের কণ্ঠ শুনতে পারার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

মিয়ানমারের সামরিক বাহিনী-সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, লন্ডনে মিয়ানমারের দূতাবাসের মাধ্যমে টেলিফোনে সু চির সঙ্গে কথা বলেছেন অ্যারিস। এ সময় মা ও ছেলের আলাদা দুটি ছবিও প্রকাশ করা হয়েছে।

উসকানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে সু চিকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.