সৌদি আরবে ২০২৬ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আবারও আলোচনায় এসেছে। হত্যা, মাদক পাচার ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধে দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। তবে চলতি বছরের প্রথম ছয় মাসের পরিসংখ্যান বলছে, মৃত্যুদণ্ড কার্যকরের সবচেয়ে বড় অংশই ছিল মাদক-সংশ্লিষ্ট অপরাধে। এ সময়ে এ ধরনের অপরাধে ৭১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অন্যদিকে হত্যা মামলায় ২৫ জন এবং হত্যা না থাকা রাজনৈতিক ও নিরাপত্তা-সংশ্লিষ্ট মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বার্তা সংস্থা এএফপির সরকারি ঘোষণাভিত্তিক হিসাব অনুযায়ী, গত ১৭ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে এ বছর ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ১৮ অক্টোবর পাঁচ সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হয়। এ ছাড়া দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবরও এসেছে।
মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড বেশি
ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর) প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে সৌদি আরবে মোট ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের মধ্যে ৭১ জন মাদক সংক্রান্ত অপরাধে, ২৫ জন হত্যার দায়ে, ৯ জন রাজনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট অপরাধে এবং তিনজন অন্যান্য অপরাধে দণ্ডিত ছিলেন। অর্থাৎ প্রথম ছয় মাসে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের প্রায় ৬৬ শতাংশই ছিল মাদক সংক্রান্ত অপরাধে।
সংস্থাটির হিসাবে, ওই সময় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের ৫৯ জন বিদেশি নাগরিক এবং ৪৯ জন সৌদি নাগরিক। মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য বিদেশি নাগরিক রয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত ২২ জুন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সে সময় পর্যন্ত সৌদি আরবে ৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। তাদের মধ্যে অন্তত ৬১ জন মাদক সংক্রান্ত অপরাধে দণ্ডিত ছিলেন। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে অন্তত ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.