সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সৌদিগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ঢাকা থেকে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১০৭টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দেওয়া সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়ার ১০টি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। সব মিলিয়ে সরাসরি ফ্লাইটের সংখ্যা ৪৪টি।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার চারটি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এসব ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৬৩টি।

এর আগে বৃহস্পতিবার বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১০৩টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছিল। তখন ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা ছিল ১৫ হাজার ৭৭৯। শুক্রবার বিকেলের সর্বশেষ হিসাব অনুযায়ী, বিঘ্নিত ফ্লাইটের সংখ্যা বেড়েছে চারটি এবং ভোগান্তিতে পড়া যাত্রীর সংখ্যা বেড়েছে ৮৪১।

এদিকে সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিমান জানিয়েছে, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। মদিনা রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করায় প্রতি ফ্লাইটে আসনসংখ্যা বেড়েছে ১৪৮টি। পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ ছাড়া ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটও স্থগিত রয়েছে। এসব ফ্লাইটের যাত্রীরা বিকল্প হিসেবে মদিনা ও জেদ্দা হয়ে সৌদি আরবে যাতায়াত করছেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.