আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে তুলে ধরতে আওয়ামী লীগের অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তানজানিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পর দেশে ফিরে তিনি এ কথা বলেন।
রোববার (১১ অক্টোবর) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার এ দাবি করেন। তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে দেশে ফেরেন তিনি।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হতে পারে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।
স্পিকার বলেন, আইপিইউ সম্মেলনে বাংলাদেশ বিরল সাফল্য অর্জন করেছে। সম্মেলনের বিভিন্ন পর্যায়ে শ্রমিকদের দুর্ভোগ লাঘবের উপায় নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া ফোরাম অব উইমেন পার্লামেন্টারিয়ানস এবং ইয়ং পার্লামেন্টারিয়ানদের সঙ্গেও আলোচনা হয়েছে।
এবারের সম্মেলনে আন্তর্জাতিক সংসদীয় পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্বও জোরালো হয়েছে। গত ৫ অক্টোবর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এ গ্রুপে ৩৭টি সদস্যদেশ রয়েছে।
একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরাত আদিব চৌধুরী এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রতিনিধি হিসেবে আইপিইউর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, আইপিইউর গুরুত্বপূর্ণ দুটি পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে দেশের ভূমিকা আরও জোরদার করতে পারে।
গত ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ার আরুশায় আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল অন্তর্ভুক্তি, আস্থা ও সবার জন্য সুযোগ নিশ্চিত করার মাধ্যমে সুশাসন জোরদার এবং জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.