ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দেওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক ধ্রুব রাঠীকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে গুরুগ্রামে তার বাসভবন থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রের বরাতে জানা গেছে।
দিল্লির যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির ডাকা বিক্ষোভে অংশ নেওয়ার কথা ছিল ধ্রুব রাঠীর। তবে কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই তাকে আটক করা হয়। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিজেপি। অবিলম্বে তার মুক্তি দাবি করেছে দলটি।
পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে দিল্লি পুলিশের প্রায় ৫০ সদস্যের একটি দল গুরুগ্রামে ধ্রুব রাঠীর বাসভবনে গিয়ে তাকে আটক করে।
এর আগের দিন শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করে শনিবারের বিক্ষোভে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন রাঠী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত এই ইউটিউবার চলতি সপ্তাহের শুরুতে জার্মানি থেকে ভারতে আসেন। গত ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপির একটি বিক্ষোভেও অংশ নিয়েছিলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্রুব রাঠীর বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ কোটি ৯২ লাখ, এক্সে ৩৩ লাখ এবং ইউটিউবে তার চ্যানেলের সাবস্ক্রাইবার ৩ কোটি ৩০ লাখ।
এদিকে নিরাপত্তা ও প্রশাসনিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি আগেই প্রত্যাখ্যান করেছে দিল্লি পুলিশ। বিক্ষোভকারীদের সমাবেশস্থলে পৌঁছানো ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি আগাম আটক অভিযানও জোরদার করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শনিবার বড় পরিসরে বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি। কর্মসূচি ঘিরে রাতভর ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কয়েক শ ট্রেনের চলাচল বাতিল এবং কয়েক ডজন মেট্রো স্টেশনের প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এসব বিধিনিষেধ ও নিরাপত্তাব্যবস্থার মধ্যেও যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.