বাজার মূলধন কমেছে ১,৭২৯ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৪ থেকে ৮ অক্টোবর) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ও শরিয়াহ সূচক কমেছে। একই সঙ্গে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে প্রায় ১ হাজার ৭২৯ কোটি টাকা। কমেছে দৈনিক গড় লেনদেন ও লেনদেন হওয়া শেয়ারের পরিমাণও।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা থেকে এ তথ্য জানা গেছে।

পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ২০৬ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ৯৩৫ কোটি টাকা। সে হিসাবে সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ হাজার ৭২৯ কোটি টাকা বা ০ দশমিক ২৫ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ দশমিক ০৭ পয়েন্ট বা ১ দশমিক ০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৫ দশমিক ৫৮ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৫৩১ দশমিক ৬৫ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ২ দশমিক ১৩ পয়েন্ট বা ০ দশমিক ১০ শতাংশ বেড়ে ২ হাজার ১০৫ দশমিক ৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১০৩ দশমিক ৫৫ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১৩ দশমিক ২৯ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ কমে ১ হাজার ৮৬ দশমিক ৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে সূচকটি ছিল ১ হাজার ১০০.২৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসইর এসএমই সূচক ডিএসএমইএক্স ২৫ দশমিক ৮ পয়েন্ট বা ২ দশমিক ৫৩ শতাংশ কমে ৯৯২ দশমিক ৬৮ পয়েন্টে নেমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৫৫৬ কোটি ৪৬ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৭০৬ কোটি ১২ লাখ টাকা। সে হিসাবে দৈনিক গড় লেনদেন কমেছে ২১ দশমিক ১৯ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৭৮২ কোটি ৩২ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন ছিল ৩ হাজার ৫৩০ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮১টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ২৯০টির দর কমেছে। অপরিবর্তিত ছিল ১৪টি কোম্পানির শেয়ারদর। আর ২৬টি কোম্পানির কোনো শেয়ার লেনদেন হয়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.