হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৯ শিশু।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৪৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৪ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ, হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১৪৭ শিশু মারা গেছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৮১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৬৮। এই সময়ে ১ হাজার ১৫২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ২৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২ হাজার ৮৯৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ১৯৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৮০ হাজার ৭৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.