মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী গতিতে বিপাকে পড়েছেন দেশের সাধারণ ও নিম্ন আয়ের মানুষ। একদিকে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার খরচ ক্রমাগত বাড়ছে, অন্যদিকে কমছে শ্রমজীবী মানুষের আয়ের পথ। সেপ্টেম্বর মাসে দেশের সাধারণ মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশে, যা আগস্টে ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে সাধারণ মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সেপ্টেম্বর মাসের মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদন থেকে এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে দেখা যায়, মূল্যস্ফীতি বাড়লেও একই সময়ে আশঙ্কাজনকভাবে কমেছে জাতীয় সাধারণ মজুরি সূচক। সেপ্টেম্বরে সার্বিক মজুরি সূচক কমে ৭ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে, যা আগস্টে ছিল ৮ দশমিক শূন্য ৫ শতাংশ। কৃষিশ্রমিক, শিল্প খাতের কর্মী কিংবা সেবা খাত—সব ক্ষেত্রেই শ্রমিকের মজুরি কমেছে। ফলে একদিকে আয় সংকুচিত হওয়া এবং অন্যদিকে খরচ বাড়ায় নিম্ন আয়ের মানুষের জীবনধারণ আরও কঠিন হয়ে পড়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরে সবচেয়ে বেশি চাপ তৈরি করেছে খাদ্য মূল্যস্ফীতি। প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ২২ শতাংশে, যা আগস্টে ছিল ৭ দশমিক শূন্য ২ শতাংশ। মাত্র এক মাসের ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ২০ শতাংশ। এর প্রভাবে মাছ, মাংস, ভোজ্যতেল, ডাল, লবণ ও বিভিন্ন ধরনের শাকসবজিসহ প্রায় সব নিত্যপণ্য কিনতেই ভোক্তাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।
অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার কিছুটা কমে ৯ দশমিক ৩০ শতাংশ হয়েছে, যা আগস্টে ছিল ৯ দশমিক ৩২ শতাংশ। এক মাসের ব্যবধানে এ খাতে সামান্য স্বস্তি দেখা গেলেও আগের বছরের একই সময়ের তুলনায় পরিস্থিতি এখনো বেশ চড়া। গত বছরের সেপ্টেম্বরে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৯৮ শতাংশ।
অঞ্চলভেদে পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, শহরের তুলনায় গ্রামাঞ্চলে পণ্যের দাম ও জীবনযাত্রার খরচের চাপ বেশি। সেপ্টেম্বর মাসে গ্রামে সাধারণ মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৩৮ শতাংশ রেকর্ড করা হয়েছে। অন্যদিকে শহরে সাধারণ মূল্যস্ফীতির হার কিছুটা কম, ৮ দশমিক ২৬ শতাংশ।
মজুরি কমে যাওয়ার বিষয়ে বিবিএসের বিস্তারিত তথ্যে দেখা গেছে, অর্থনীতির প্রধান সব খাতেই আয় সংকুচিত হয়েছে। সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি সূচক কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৮৯ শতাংশে, আগস্টে যা ছিল ৮ দশমিক শূন্য ৭ শতাংশ। শিল্প খাতেও একই প্রবণতা দেখা গেছে। আগস্টে এ সূচক ৭ দশমিক ৯৭ শতাংশ থাকলেও সেপ্টেম্বরে তা কমে ৭ দশমিক ৮৬ শতাংশে নেমে এসেছে। একই ধারাবাহিকতায় সেবা খাতে মজুরি কমে ৮ দশমিক শূন্য ৭ শতাংশ হয়েছে, যা আগস্টে ছিল ৮ দশমিক ২৫ শতাংশ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.