২০২৭ সালের কারিকুলামে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষা যুক্ত হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আনন্দময় শেখার পরিবেশ নিশ্চিত করতে ২০২৭ সালের কারিকুলামে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ‘গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি খেলাধুলার ওপরও গুরুত্ব আরোপ করেছেন। আমরা আগামী দিনে আনন্দময় শিক্ষা ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি, যাতে এমন একটি নতুন প্রজন্ম গড়ে ওঠে, যারা আগামীর বাংলাদেশকে সত্যিকার অর্থে নেতৃত্ব দিতে পারবে।’

পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক চর্চার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘লেখাপড়ার সাথে খেলাধুলা অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকতে হবে। প্রতিযোগিতায় বিজয়ী ও পরাজিত-উভয় পক্ষকেই খেলা থেকে শিক্ষা নিতে হবে। পরাজয়কে সহজে বরণ করে নেয়া এবং আগামী দিনে কীভাবে সেখান থেকে সাফল্য অর্জন করা যায়, সেই ক্রীড়াসুলভ শিক্ষা নেওয়া জরুরি।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘নিজেদের ভবিষ্যৎ সঠিকভাবে গড়ে তুলতে মনোযোগের সঙ্গে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। এদেশকে স্বাবলম্বী করে গড়ে তুলতে আমাদের বিশাল জনসংখ্যাকে সুশিক্ষিত জনসম্পদে রূপান্তরিত করতে হবে।’

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, নারীশিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর জীবনী ভবিষ্যতে কারিকুলামে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.