গ্যাস মিলতেই সচল যমুনা সার কারখানা, শুরু ইউরিয়া উৎপাদন

টানা আট মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। গ্যাসের সরবরাহ পুনরায় স্বাভাবিক হওয়ায় সোমবার গভীর রাতে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন উৎপাদন শুরুর তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্টরা জানান, গত ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় যমুনা সার কারখানার উৎপাদন কার্যক্রম থেমে যায়। এর আগে কারখানাটিতে প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদন হতো। দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ এ কারখানার উৎপাদিত সার জামালপুরসহ কমান্ড এলাকার ১৯টি জেলায় সরবরাহ করা হয়।

কারখানায় ফের গ্যাস সরবরাহ শুরু হওয়ায় স্বাভাবিক উৎপাদনের প্রত্যাশা তৈরি হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন পর কারখানা চালু হওয়ায় কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও স্বস্তি ফিরেছে।

যমুনা সার কারখানার উৎপাদন শাখার বিভাগীয় প্রধান ফজলুল হক রতন বলেন, বর্তমানে পাওয়া গ্যাসের চাপ অনুযায়ী প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করা সম্ভব হবে। গ্যাসের চাপ বাড়লে উৎপাদন দৈনিক ১ হাজার ৩৫০ মেট্রিক টন পর্যন্ত উন্নীত হতে পারে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক আফাজ উদ্দিন জানান, সোমবার রাত ৩টার দিকে ইউরিয়া উৎপাদন পুনরায় শুরু হয়। কারখানাটি চালুর উদ্যোগে সহযোগিতা করায় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, বিসিআইসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.