প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী সফরে ফেনী যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম ফেনী সফর। সফরে পরশুরাম ও ফুলগাজীতে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে সড়কপথে ঢাকার বাসভবন থেকে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন। ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটির আওতায় বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ, নদী ও জলাধার পুনঃখনন এবং সেচ অবকাঠামো পুনর্বাসনের কাজ রয়েছে।
এরপর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার সিস্টেম থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে মূল অনুষ্ঠান হবে। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হবে। একই অনুষ্ঠানে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচিও রয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন প্রধানমন্ত্রী।
ফেনীতে স্থানীয় পর্যায়ে ফুলগাজী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৫১০ জন দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের নারীপ্রধানকে ফ্যামিলি কার্ডের জন্য মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি কার্ড নেবেন।
ফেনী সফরেই কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলট কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, চলতি বছর ৪৩ লাখ কৃষককে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে। পাইলট পর্যায়ে ১ লাখ ৪৭ হাজার কৃষককে কার্ড দেওয়া এবং এর বিপরীতে উপকরণ সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে।
এদিকে সরকারের পরিকল্পনা অনুযায়ী, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পরিবারকে সামাজিক সুরক্ষা ও সহায়তার কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ওয়েবসাইটে কর্মসূচিটির মূল দর্শন হিসেবে পরিবারকে উন্নয়নের প্রধান একক হিসেবে উল্লেখ করা হয়েছে।
দিনের কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৫টার দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.