ডিএসইর বাজার মূলধন কমেছে ১৮০০ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২০ সেপ্টেম্বর – ২৪ সেপ্টেম্বর) প্রধান মূল্যসূচকগুলোর উত্থান হলেও বাজার মূলধন কমেছে এক হাজার কোটি টাকা। তবে একই সময়ে বেড়েছে দৈনিক গড় ও মোট লেনদেনের পরিমাণ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনার তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৭১ কোটি খ টাকা। আগের সপ্তাহে যা ছিল ৬ লাখ ৯২ হাজার ৩৭৩ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে প্রায় ১ হাজার ৮০২ কোটি টাকা বা শূন্য দশমিক ২৬ শতাংশ।

এদিকে, সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৭৮ দশমিক ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৫৩২ দশমিক ১৫ পয়েন্ট।

অন্যদিকে, ডিএস৩০ সূচক ১০ দশমিক ৯৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫২ শতাংশ বেড়ে ২ হাজার ১১২ দশমিক ১৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ বেড়ে ১ হাজার ১১৫ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করছে।

তবে ডিএসইর এসএমই সূচক ডিএসএমইএক্স ৩ দশমিক ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ কমে ১ হাজার ৩০ দশমিক ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহে ডিএসইতে মোট ৩ হাজার ৯২৮ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে মোট লেনদেন ছিল ২ হাজার ৭৭৪ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা। ফলে এক সপ্তাহে মোট লেনদেন বেড়েছে ৪১ দশমিক ৬০ শতাংশ।

এ সময়ে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৭৮৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ৫৫৪ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা।

এ ছাড়া সপ্তাহে গড়ে প্রতিদিন ২৭ কোটি ৩৭ লাখ ৩০ হাজার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের ২০ কোটি ৩৯ লাখ ৫০ হাজারের তুলনায় ৩৪ দশমিক ২১ শতাংশ বেশি।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২৫২টি কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। বিপরীতে ১০৫টির দর কমেছে। আর ২৯টির দর অপরিবর্তিত ছিল। লেনদেনে অংশ নেয়নি ২৫টি কোম্পানি ও ফান্ড।

সাপ্তাহিক গড় অ্যাডভান্স-ডিক্লাইন রেশিও দাঁড়িয়েছে ২ দশমিক ৪। অর্থাৎ সপ্তাহজুড়ে দর হারানোর তুলনায় দর বাড়ার কোম্পানির সংখ্যা বেশি ছিল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.