ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় মহাসড়কে চলন্ত একটি স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে নয়ডা থেকে মহোবার উদ্দেশে যাওয়ার পথে বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। তাদের বেশির ভাগই তখন ঘুমিয়ে ছিলেন।
হঠাৎ আগুন দ্রুত বাসের ভেতরে ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় অনেক যাত্রী দিক হারিয়ে ফেলেন। প্রাণ বাঁচাতে কয়েকজন জানালা দিয়ে লাফিয়ে বাসের বাইরে বের হওয়ার চেষ্টা করেন।
পরিস্থিতি বুঝতে পেরে চালক মহাসড়কের পাশে বাসটি থামান। তবে এর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং পুরো বাসটি পুড়ে যায়।
খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
বেঁচে যাওয়া যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার শুনে তাদের ঘুম ভাঙে। চোখ খুলতেই তারা বাসের ভেতরে আগুন ও ঘন ধোঁয়া দেখতে পান। ধোঁয়ার কারণে বের হওয়ার পথ খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়ে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.