জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, যাত্রীদের কথা ভেবে ভাড়া বৃদ্ধির এই হার যৌক্তিক বলেই মনে করছি। সর্বনিম্ন ভাড়া আগে ছিল ৩২ টাকা, এখন ৩৫ টাকা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান।
রবিউল বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানির দাম বৃদ্ধির পর নৌ যানের ভাড়া বৃদ্ধির একটা ন্যায্য দাবি উত্থাপিত হয়। এই সরকার শপথ নেওয়ার পর জ্বালানির দাম একবার বেড়েছিল, ১৫ শতাংশ। তার পরিপ্রেক্ষিতে যাত্রীদের সক্ষমতা অথবা যাত্রীদের সুবিধাটা বিবেচনায় রেখে সাড়ে ৬ শতাংশর মতো ভাড়া বৃদ্ধি পেয়েছিল। এবার তেলের দাম বেড়েছে ১৭ দশমিক ৩৯ শতাংশের মতো। ব্যবস্থাপনা ব্যয়, ডলারের দাম, যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় প্রথমে তারা ২৫ শতাংশ ও পরবর্তীতে ১৫ শতাংশ বৃদ্ধির দাবি জানিয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে তাদের দাবির যৌক্তিকতাও আছে। কিন্তু দ্বিপক্ষীয় মিটিং সফলভাবে শেষ করে আমরা সাত দশমিক ৫৪ শতাংশ নির্ধারণ করেছি।
এদিকে লঞ্চ মালিক সমিতির সভাপতি গোলাম নবী আলমগীর জানিয়েছেন, ১০০ কিলোমিটার পর্যন্ত যাত্রায় যাত্রীবাহী লঞ্চে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা ভাড়া বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি পথে কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭২ পয়সা করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.