সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞা, চালু করল ‘ট্রাম্প টিভি’

তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ নিষেধাজ্ঞার পর এসব সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রেস পাসও বাতিল করে হোয়াইট হাউজ।

এর প্রতিবাদ হিসেবে দেশটির টিভি চ্যানেলগুলো ট্রাম্পের হোয়াইট হাউজের বক্তব্য বয়কট করছে। আর এমন দ্বন্দ্বের মধ্যেই প্রেসিডেন্টের দপ্তর ‘ট্রাম্প টিভি’ নামে একটি ইউটিউবভিত্তিক চ্যানেল চালু করেছে। যেখানে ট্রাম্পের বক্তব্য এবং তার অর্জনগুলো প্রচার করা হবে। আর এটি দিনরাত ২৪ ঘণ্টা চলবে।

এদিকে সংশ্লিষ্ট গণমাধ্যমসহ যেসব সংবাদমাধ্যমের প্রেস পাস বাতিল করা হয়েছে সেগুলোর পক্ষে সাফাই গেয়েছে ট্রাম্প প্রশাসন। তারা বলেছে, সংবিধানে স্বাধীন সাংবাদিকতার অধিকার দেওয়া হয়েছে। সাংবাদিক ও টিভি চ্যানেলগুলো চাইলে যা খুশি তাই প্রচার করতে পারবে। কিন্তু তার অর্থ এই নয় যে, টিভি চ্যানেলগুলোকে স্থায়ী প্রেস পাস দেওয়া হবে, ব্রিফিং রুমে আসন দেওয়া হবে এবং প্রেসিডেন্টের প্রেস ব্রিফিংয়ে অংশ নিতে দেওয়া হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে অভিযোগ করেন সংশ্লিষ্ট গণমাধ্যমসহ কিছু সংবাদমাধ্যম মিথ্যা ও ভুয়া সংবাদ প্রচার করছে। এ সময় তিনি এসব সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলেন।

ট্রাম্পের প্রশাসন এ নিষেধাজ্ঞার পক্ষে সাফাই গেয়ে আরও বলেছে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে জো বাইডেন সবাই তাদের আমলে এমন নিষেধাজ্ঞা দিয়েছেন। তারা বলেছে, শত্রুভাবাপন্ন কোনো সংবাদমাধ্যমকে হোয়াইট হাউজে প্রবেশ করতে দিতে কোনো সরকার বা প্রেসিডেন্ট বাধ্য নয়।

প্রেসিডেন্ট ট্রাম্পের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে সংবাদমাধ্যমগুলো। এর জবাবে সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, এগুলো ভুয়া মিডিয়া। যাদের মিথ্যা সংবাদ জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.