ভিয়েতনামে থ্রিডি প্রিন্টিং সেন্টার স্থাপনে রসাটমের সঙ্গে পেট্রোভিয়েতনামের চুক্তি

ভিয়েতনামে ধাতব যন্ত্রাংশ তৈরির জন্য একটি পূর্ণাঙ্গ থ্রিডি প্রিন্টিং সেন্টার স্থাপনে চুক্তি করেছে রসাটমের ফুয়েল ডিভিশন ও ভিয়েতনামের জাতীয় তেল ও গ্যাস করপোরেশন পেট্রোভিয়েতনাম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ায় ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের সরকারি সফর চলাকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। এতে রসাটমের আন্তর্জাতিক কার্যক্রমবিষয়ক ডেপুটি ডিরেক্টর জেনারেল নিকোলে স্পাস্কি এবং পেট্রোভিয়েতনামের চেয়ারম্যান লে নগোক সন উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় ভিয়েতনামে একটি পূর্ণাঙ্গ থ্রিডি প্রিন্টিং সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হবে। এর মধ্যে রসাটমের তৈরি থ্রিডি প্রিন্টার থাকবে, যা সিলেক্টিভ লেজার মেল্টিং ও ডাইরেক্ট লেজার ডিপোজিশন প্রযুক্তি ব্যবহার করে ধাতব উপাদান তৈরি করতে সক্ষম।

এ ছাড়া তাপপ্রক্রিয়াকরণ, টার্নিং, পরীক্ষাগারে বিশ্লেষণসহ বিভিন্ন কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় রুশ সরঞ্জামও সরবরাহ করা হবে। চুক্তিতে এসব যন্ত্রপাতির ধরন ও সরবরাহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

পেট্রোভিয়েতনামের ফান তু জিয়াং বলেন, নতুন সেন্টারের মাধ্যমে ড্রিলিং ও পাম্পিং সরঞ্জামের জটিল যন্ত্রাংশ দ্রুত তৈরি করা সম্ভব হবে। দ্রুত নমুনা তৈরির প্রযুক্তি ব্যবহারের ফলে যন্ত্রপাতির অচল থাকার সময় কমানো যাবে। পাশাপাশি উন্নত অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তির মাধ্যমে বড় আকারের যন্ত্রাংশ পুনরুদ্ধার ও মেরামতের সুযোগ তৈরি হবে।

চুক্তির অংশ হিসেবে ভিয়েতনামে ধাতব পাউডার উৎপাদনের ব্যবস্থাও গড়ে তোলা হবে। এ জন্য প্রযুক্তিগত প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ে সহায়তা করবে রসাটম। দুই পক্ষ যৌথভাবে পণ্যের মানদণ্ড, যোগ্যতা যাচাইয়ের পদ্ধতি এবং সার্টিফিকেশন ব্যবস্থা তৈরি করবে।

রসাটম ফুয়েল ডিভিশনের অ্যাডিটিভ টেকনোলজিস বিজনেস ইউনিটের পরিচালক ইলিয়া কাভেলাশভিলি বলেন, ভবিষ্যতে ভিয়েতনামে থ্রিডি প্রিন্টার উৎপাদনের স্থানীয় সক্ষমতা গড়ে তোলার বিষয়েও আলোচনা করতে তারা প্রস্তুত। তিনি জানান, ২০২৫ সালে বেলারুশে একই ধরনের একটি প্রকল্প বাস্তবায়ন করেছে রসাটম।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.