স্মার্ট ব্যাংকিং, ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার পরিধি বাড়াতে কৌশলগত অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে কাজ করছে এনসিসি ব্যাংক পিএলসি ও গ্রামীণফোন লিমিটেড। সম্ভাব্য এ সহযোগিতায় ডিজিটাল লেনদেন, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা, গ্রাহক অভিজ্ঞতার উন্নয়ন এবং ক্যাশলেস অর্থনীতির প্রসারে বিভিন্ন উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকে উভয় প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য, প্রযুক্তিগত সক্ষমতা, ডিজিটাল পরিবেশ এবং সম্ভাব্য যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়। গ্রামীণফোনের বিস্তৃত প্রযুক্তি ও ডিজিটাল সক্ষমতার সঙ্গে এনসিসি ব্যাংকের ব্যাংকিং অভিজ্ঞতা এবং আর্থিক সেবাকে সমন্বয় করে নতুন সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সম্ভাব্য সহযোগিতার আওতায় উদ্ভাবনী ডিজিটাল পণ্য ও সেবা, ডিজিটাল লেনদেন ব্যবস্থা, যৌথ ডিজিটাল উদ্যোগ ও প্রচারাভিযান এবং গ্রাহককেন্দ্রিক প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা চালুর বিষয় বিবেচনা করা হচ্ছে।
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, গ্রামীণফোনের প্রযুক্তি ও ডিজিটাল সক্ষমতার সঙ্গে এনসিসি ব্যাংকের ব্যাংকিং অভিজ্ঞতা ও আর্থিক সেবাকে সমন্বয় করে গ্রাহকদের জন্য আরও সহজ, নির্বিঘ্ন ও নিরাপদ ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতা তৈরি করতে চান তারা। এ উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল ও ক্যাশলেস অর্থনীতির অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, ডিজিটাল সেবা মানুষের জীবনকে আরও সহজ ও সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এনসিসি ব্যাংকের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার মাধ্যমে গ্রাহকদের জন্য আরও উদ্ভাবনী, সুবিধাজনক ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা তৈরির সুযোগ সৃষ্টি হবে।
তিনি বলেন, গ্রামীণফোনের ডিজিটাল পরিবেশ ও এনসিসি ব্যাংকের ব্যাংকিং সক্ষমতাকে কাজে লাগিয়ে যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে নিরাপদ ডিজিটাল লেনদেনের সুবিধা দেওয়ার মতো সমাধান তৈরিতে তারা আগ্রহী।
বৈঠকে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, এসভিপি ও আইসিটি বিভাগের প্রধান মো. সাজ্জাদুল ইসলাম এবং রিটেইল ও ডিএফএস বিজনেস ইউনিটের ইউনিট হেড এস. এম. তানভীর হাসান উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব লার্জ অ্যাকাউন্টস এম. শাওন আজাদ, হেড অব লার্জ অ্যাকাউন্টস-৪ মাহাবুবুর রহমান, কী অ্যাকাউন্ট ম্যানেজার সুমাইয়া তারান্নুম এবং হেড অব প্রোডাক্ট, পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস মো. মাহবুবুল আলমসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অর্তসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.