চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে কয়েকজন মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে রওনা হন। পথে কলেজ বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচ বছর বয়সী শিশু ফেরদৌস আলম ও ১৭ বছর বয়সী মিপতা নিহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের চালক ৪০ বছর বয়সী মুন্নাসহ আরও দুজন মারা যান। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমেদ চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.