বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে শুরু হচ্ছে। ঐতিহাসিক এই অধিবেশনে সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম অধিবেশন চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত এবং এর সভাপতির দায়িত্বে থাকবেন বাংলাদেশের এই কূটনীতিক।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং পরে সাধারণ পরিষদের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন পরিচালনা করবেন। নিউইয়র্ক স্থানীয় সময় বিকেল ৩টায় ৮১তম অধিবেশনের উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন। কাকোরিস পেয়েছিলেন ৯১ ভোট। মোট ১৯০টি বৈধ ভোটের মধ্যে এই ফলাফলের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রার্থী হিসেবে তিনি ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘আস্থা পুনর্গঠন, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য ফলপ্রসূ একটি জাতিসংঘ’। এ অধিবেশনে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবাধিকার, বহুপাক্ষিক সহযোগিতা এবং জাতিসংঘ সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় গুরুত্ব পাবে।
আগামী ২২ সেপ্টেম্বর শুরু হবে সাধারণ বিতর্ক। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বৈশ্বিক সংকট ও নিজ নিজ দেশের অগ্রাধিকার নিয়ে বক্তব্য দেবেন। উচ্চপর্যায়ের এই পর্ব ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
ড. খলিলুর রহমানের এই দায়িত্ব গ্রহণ বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও বিশিষ্ট কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরী। চার দশক পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হচ্ছেন।
এবারের অধিবেশন এমন এক সময়ে শুরু হচ্ছে, যখন বিশ্বজুড়ে একাধিক যুদ্ধ ও সংঘাত, জলবায়ু সংকট, খাদ্য ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি আস্থার সংকট জাতিসংঘের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে ২০২৬ সালের শেষ দিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সাধারণ পরিষদের নতুন সভাপতি ড. খলিলুর রহমান।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.