উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ এবং ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এটি ৫০ কোটি টাকার একটি পাইলট প্রকল্প। যারা ব্যাংকে যেতে ভয় পান, তাদের ঋণ দিয়ে কর্মসংস্থানে যুক্ত করা এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই কর্মসংস্থান ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল।
তিনি বলেন, উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। কর্মসংস্থান ব্যাংকের নতুন প্রকল্পের আওতায় দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
মন্ত্রী আরও বলেন, সরকার নতুন একটি উদ্যোগ নিয়েছে, যার আওতায় ক্রিয়েটিভ বা সৃজনশীল অর্থনীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রান্তিক পর্যায়ের সৃজনশীল মানুষদের শুধু ঋণ দেওয়া হচ্ছে না, তাদের প্রশিক্ষণের পাশাপাশি পণ্যের ব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কর্মসংস্থান ব্যাংককেও এ ধরনের কর্মসূচি হাতে নেওয়ার জন্য বলবেন তিনি। এটি জিডিপি, চ্যারিটি নয়। গানসহ বিভিন্ন ধরনের সৃজনশীল প্রতিভা রয়েছে এমন মানুষদেরও এগিয়ে নেওয়া সম্ভব। তারাও অর্থনীতিতে অবদান রাখতে পারেন।
তিনি বলেন, সরকার এসব সৃজনশীলতাকে মনিটাইজ করতে চায়। একই সঙ্গে তাদের ভ্যালু অ্যাড করে মার্কেটেবল করতে এবং অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে চায়। সরকার ক্রিয়েটিভ ইকোনমিতে মনোযোগ দিতে ও সহায়তা করতে চায়। এটি করা সম্ভব হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।
মন্ত্রী আরও বলেন, কর্মসংস্থান ব্যাংকের খেলাপি ঋণ বা এনপিএল ৪ শতাংশ থেকে কমিয়ে ১ বা ২ শতাংশে নামিয়ে আনতে পারলে ভালো হবে। ব্যাংকটি ভালো করছে এবং প্রফিটও করছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.