রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সাগর খান ইমরান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ধলপুরের সরদার গলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাকারিয়া (৩২) নামে আরও একজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
আহত জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুর সরদার গলিতে তার স্বামী জাকারিয়ার একটি রিকশার গ্যারেজের ব্যবসা রয়েছে। রাতে গ্যারেজের সামনে ইমরান ও তার স্বামী বসে ছিলেন। এ সময় হেলমেট পরিহিত চারটি মোটরসাইকেলে ৭ থেকে ৮ জন ব্যক্তি এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তারা দুজন গুলিবিদ্ধ হন।
পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। আহত জাকারিয়া বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, নিহত ইমরানের মাথায় গুলি লেগেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, আহত জাকারিয়ার বাম পা ও ডান হাতে গুলি লেগেছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিব জানান, গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। তবে ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। বিস্তারিত তথ্য জানতে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.