গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ব্রিজসংলগ্ন খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি মহাসড়কের পাশে ব্রিজসংলগ্ন খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত ১২ জনকে সেখানে ভর্তি করা হয়েছে।
এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গেড়াখোলা এলাকায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.