বড় লাফের পর দেশের বাজারে কমল সোনার দাম

বড় লাফে দাম বাড়ানোর তিন দিনের মাথায় দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

এর আগে গত ৩ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এর আগে ২৯, ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর তিন দফায় সোনার দাম কমানো হয়েছিল।

এদিকে, সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.