যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। নিহত দুজনই শিশু বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ফ্রেসনোর সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে ব্লাইথ অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় বেলা প্রায় ১টা ৫০ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

ফ্রেসনো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার পর দুই শিশুকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহত দুই প্রাপ্তবয়স্ককে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটিতে মোট চারজন ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফ্রেসনো পুলিশ, ফ্রেসনো ফায়ার বিভাগ, ফ্রেসনো কাউন্টি শেরিফের কার্যালয় ও নর্থ সেন্ট্রাল ফায়ার বিভাগের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধারকারীরা দ্রুত বিমানটির আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়া ঠেকান।

দুর্ঘটনার পর আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। পরে তা স্বাভাবিক হয়।

এখনও হতাহতদের পরিচয় ও তাঁদের পারস্পরিক সম্পর্ক প্রকাশ করেনি কর্তৃপক্ষ। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.