কৃষি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক

দেশের কৃষি খাতে স্বল্প সুদে অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিয়েছে ব্র্যাক ব্যাংক।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের মধ্যে এ বিষয়ে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো, খাদ্য নিরাপত্তা জোরদার এবং গ্রামীণ এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে কটেজ, মাইক্রো ও স্মল বিজনেস ইউনিট-১-এর প্রধান এসএম আলমগীর হোসেন ও এমএফআই এবং কৃষি অর্থায়ন বিভাগের প্রধান তপস কুমার রায় চুক্তিতে স্বাক্ষর করেন।

পুনঃঅর্থায়ন স্কিমটির মূল লক্ষ্য কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়ানো। এর ফলে অংশগ্রহণকারী ব্যাংকগুলো কম সুদে কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য যোগ্য গ্রাহকদের অর্থায়ন করতে পারবে। এতে কৃষক ও গ্রামীণ উদ্যোক্তারা উৎপাদনশীল কাজে তুলনামূলক সহজে অর্থায়ন পাওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এ স্কিমের আওতায় শস্য ও কৃষি উৎপাদন, গ্রামীণ আয়বর্ধক কর্মকাণ্ড, কৃষি যন্ত্রপাতি, মৎস্য এবং প্রাণিসম্পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অর্থায়ন করা যাবে।

স্কিমটির আওতায় ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ ৭ শতাংশ সরল সুদে কৃষকদের অর্থায়ন করতে পারবে। ফলে কৃষক ও যোগ্য গ্রামীণ ঋণগ্রহীতারা তুলনামূলক সাশ্রয়ী শর্তে কৃষি ও আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ পাবেন।

বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের ওপর গুরুত্ব দেওয়ায় এই স্কিমে ব্র্যাক ব্যাংকের অংশগ্রহণ সারাদেশে কৃষি ও গ্রামীণ অর্থায়ন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.