বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২৪

বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ‘এমভি ওশান উইনার’ নামের জাহাজটিতে থাকা ২৪ নাবিকের মধ্যে একজন বাংলাদেশি, ২০ জন চীনা ও তিনজন মিয়ানমারের নাগরিক। দুর্ঘটনার পর তাদের মধ্যে অধিকাংশেরই কোনো সন্ধান পাওয়া যায়নি।

ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে। জাহাজটিতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল।

জানা গেছে, গত ২০ আগস্ট ভারতের পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে এমভি ওশান উইনার। তবে ২২ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি জানতে পেরে শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার উদ্ধার তৎপরতা শুরু করে।

পরে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। কোস্টগার্ডের বরদ ও আনমোল এবং নৌবাহিনীর বিজিত নামের জাহাজ উদ্ধার অভিযানে অংশ নেয়।

এদিকে একটি লাইফ র‌্যাফ্ট থেকে দুজন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তবে বাকি নাবিকদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

জাহাজটি কী কারণে ডুবে গেছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ নাবিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.