জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

স্মৃতিসৌধ পরিদর্শন শেষে মির্জা ফখরুল সরাসরি মিন্টো রোডের বাসভবনে ফিরে যাবেন। তার কার্যালয় জানিয়েছে, রোববার তিনি বঙ্গভবনে উঠবেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল এর এক দিন আগে সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.