রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন জাতীয় সংসদের ৩৪৯ সদস্য। সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভোটগ্রহণের পর গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন। তিনি জানান, বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ ৮৮ ভোট পেয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ জন এমপির মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। ভোট না দেওয়া সদস্যদের মধ্যে বিএনপির তিন জন, খেলাফত মজলিসের একজন, জামায়াত থেকে বহিষ্কৃত একজন এবং স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন একজন।

তারা হলেন- বিএনপির মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা। আরও ভোট দেননি জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। তাদের মধ্যে মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় ভোটে অংশ নিতে পারেননি। খেলাফত মজলিসের আবুল হাসানও বিদেশে থাকার কারণে ভোটদানে অংশ নিতে পারেননি বলে জানা গেছে।

দেশে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ৩৫ বছর আগে। দীর্ঘ সময় পর এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচনটি রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.