হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক পোস্টের বরাতে বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
লং আইল্যান্ডে এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প দাবি করেন, ইরান যুদ্ধে বড় ধরনের পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। শিগগিরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে চলে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প মার্কিন নৌ-অবরোধকে ‘ইস্পাতের প্রাচীর’ হিসেবে উল্লেখ করে বলেন, ইরানের সামরিক অবকাঠামোর বড় অংশ ধ্বংস করা হয়েছে এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় থাকবে।
তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইরান ও পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, যুক্তরাষ্ট্রের এমন মৌখিক ঘোষণা হরমুজ প্রণালীর বাস্তব পরিস্থিতিতে কোনো পরিবর্তন আনেনি। তেহরানের নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালীর ওপর বিধিনিষেধ বহাল থাকবে বলেও জানানো হয়েছে।
এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে প্রভাব ফেলতে শুরু করেছে। সংঘাত আরও বাড়লে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নিরাপত্তাঝুঁকির কারণে অনেক বাণিজ্যিক জাহাজকে বিকল্প নৌপথ ব্যবহারের কথাও ভাবতে হচ্ছে।
বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালিকে ঘিরে পরিস্থিতির আরও অবনতি হলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। একই সঙ্গে সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে জন্য আন্তর্জাতিক মহল যুক্তরাষ্ট্র ও ইরানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.