ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ঘোষিত অবরোধের মধ্যেও পাকিস্তানের পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজ নিরাপদে বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করেছে। সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, সৌদি আরব থেকে অপরিশোধিত তেল বহনকারী জাহাজ দুটির ওপর কোনো ধরনের হামলা বা বাধা দেওয়া হয়নি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রাম্যাক্স শ্রেণির জাহাজ দুটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে অপরিশোধিত তেল নিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পুরো যাত্রাপথে জাহাজগুলোর স্বয়ংক্রিয় ট্র্যাকিং ব্যবস্থা (এআইএস) সচল ছিল এবং সেগুলো নির্বিঘ্নে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করে।
উইন্ডওয়ার্ড জানিয়েছে, গত ২০ জুলাই হুথিদের অবরোধ ঘোষণার পর চীনের সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন সৌদি-সংশ্লিষ্ট অধিকাংশ তেলবাহী জাহাজ হয় হামলার মুখে পড়েছে, নয়তো আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে দীর্ঘ বিকল্প পথে চলাচল করতে বাধ্য হয়েছে। সেই প্রেক্ষাপটে পাকিস্তানি জাহাজ দুটির নিরাপদ যাত্রা ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
এর কয়েক দিন আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হুথিদের সতর্ক করে জানায়, পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজে হামলা হলে সেটিকে দেশের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচনা করা হবে।
এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় হরমুজ প্রণালি ও লোহিত সাগর—উভয় নৌপথই বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর আগে বিশ্বের দৈনিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। সংঘাতের পর ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়, আর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে।
পরে ২০ জুলাই থেকে হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের বন্দরগামী জাহাজের ওপরও অবরোধ ঘোষণা করে। ফলে হরমুজের বিকল্প হিসেবে ব্যবহৃত এ নৌপথও ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
সম্প্রতি ইয়েমেন উপকূলের কাছে একটি ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলার পর সেটি ডুবে যায় বলে ভারতের নৌপরিবহনমন্ত্রী জানিয়েছেন। তবে জাহাজে থাকা ১৪ আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়।
এমন পরিস্থিতির মধ্যেই সৌদি আরব থেকে তেল বহনকারী পাকিস্তানের পতাকাবাহী দুটি জাহাজ কোনো হামলার শিকার না হয়ে নিরাপদে বাব আল-মান্দেব প্রণালি অতিক্রম করায় বিষয়টি আন্তর্জাতিক নৌপরিবহন খাতে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.