বাংলাদেশের প্রথম ডিজিটাল ট্রেড লেনদেন শুরু করল প্রাইম ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের পাইলট কর্মসূচির আওতায় দেশের প্রথম ডিজিটাল বাণিজ্য (ট্রেড) লেনদেন সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উদ্যোগের মাধ্যমে অনুমোদিত আন্তর্জাতিক ট্রেড করিডোরে বাণিজ্য-সংক্রান্ত নথিপত্র সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে আদান-প্রদান করা সম্ভব হবে, ফলে কাগজনির্ভর প্রক্রিয়ার ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

ব্যাংকটি জানায়, লেটার অব ক্রেডিটের আওতায় ডকুমেন্ট ইলেকট্রনিকভাবে উপস্থাপনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিধিমালা ইইউসিপি ভার্সন ২.১ অনুসরণ করে এই লেনদেন সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি ডকুমেন্টারি কালেকশনের আওতায় ইলেকট্রনিক উপস্থাপনের বিধিমালা ইইউআরসি অনুসরণ করে দেশের প্রথম ডিজিটাল ডকুমেন্টারি কালেকশন লেনদেনও সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক।

এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পাইলট কর্মসূচির আওতায় ডিজিটাল ট্রেডের উভয় প্রক্রিয়ার সূচনাকারী দেশের প্রথম ব্যাংক হিসেবে প্রাইম ব্যাংক নতুন মাইলফলক অর্জন করেছে।

এই অর্জন উদযাপন উপলক্ষে সম্প্রতি রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রেড সার্ভিসেস বিভাগের প্রধান সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে ট্রেড ডিজিটালাইজেশন অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান মো. তানভীর বিন হাসান এবং এলসি প্রসেসিং বিভাগের প্রধান তামিম আনাম পাইলট কর্মসূচির আওতায় ডিজিটাল ট্রেড লেনদেন বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, ডিজিটাল ট্রেডের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য আরও দ্রুত, নিরাপদ ও দক্ষভাবে পরিচালনা করা সম্ভব।

প্রাইম ব্যাংকের মতে, ডিজিটাল ট্রেড লেনদেনের এই সূচনা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে আধুনিকায়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। একই সঙ্গে এটি উদ্ভাবন, উন্নত গ্রাহকসেবা এবং দেশের আন্তর্জাতিক বাণিজ্যকে আরও দক্ষ, আধুনিক ও কাগজবিহীন ইকোসিস্টেমে রূপান্তরের প্রতি ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.