সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে বের হওয়ার সময় দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন এনসিপির নেতারা।
বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর আগে হবিগঞ্জে কর্মসূচি বাধাপ্রাপ্ত হওয়ায় সিলেটে দলটির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে শুরু থেকেই কিছুটা শঙ্কা ছিল।
সভা শেষে বেলা পৌনে ৩টার দিকে পদযাত্রার গাড়িবহর সিলেট-জকিগঞ্জ সড়ক হয়ে গোলাপগঞ্জ শহরের ডাচ-বাংলা ব্যাংকের সামনে পৌঁছালে একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করে এনসিপি। এ সময় হামলাকারীরা পেপসির বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করে।
জানা গেছে, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় সভা শেষে বের হওয়ার পর আচমকা তাদের গাড়িবহরে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা।
এদিকে দুপুর ২টা ৪২ মিনিটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এক ফেসবুক পোস্টে বলেন, সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.