প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য উপহার হিসেবে ৬০০টি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ১০০টি কার্টনে করে এসব আনারস বাংলাদেশে পৌঁছায়। এগুলো ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের আনারস।
জানা গেছে, গত ৩০ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য বাংলাদেশের পক্ষ থেকে জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম উপহার পাঠানো হয়েছিল। তারই সৌজন্য ফিরিয়ে দিতে এবার আনারস পাঠিয়েছে ত্রিপুরা সরকার।
বুধবার আখাউড়া-আগরতলা স্থলবন্দরের জিরো পয়েন্টে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগের পরিচালক ড. ফণিভূষণ জমাতিয়া এবং আগরতলা কাস্টমসের সুপারিনটেনডেন্ট দেবাশীষ নন্দী চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস ও সজীব চক্রবর্তীর কাছে আনুষ্ঠানিকভাবে আনারসগুলো হস্তান্তর করেন।
পরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে উপহারগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় এবং উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগের পরিচালক ড. ফণিভূষণ জমাতিয়া বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠিয়েছিলেন। সেই সৌজন্যের প্রতিদান হিসেবেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠিয়েছেন।
তাদের মতে, এ ধরনের সৌজন্য বিনিময় বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তরিকতা, পারস্পরিক সৌহার্দ্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে।
এ সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন, আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সহকারী রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.