হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির এই কর্মকর্তা জানান, পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে একই আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে  স্থানীয় প্রশাসন।

আজ সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সমাবেশ দু’টিতে উভয় দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে। উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে। যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। যেহেতু হবিগঞ্জ পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্ত অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জনস্বার্থে একান্ত প্রয়োজন। সেহেতু আমি ড. জি. এম. সরফরাজ, জেলা ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার বিধান মোতাবেক হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা ততোধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং, কোনো প্রকার যন্ত্র দ্বারা বিকট শব্দ উচ্চারণ এবং পৌর এলাকায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো কর্মসম্পাদন ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলাম। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবত থাকবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.