রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণাসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হবে।

সোমবার (২৭ জুলাই) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার স্পিকারের কাছে সাক্ষাতের জন্য একটি চিঠি পাঠানো হয়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা ওই চিঠিতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেছেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

চিঠিতে আরও বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার (২) ও (৩) উপধারা অনুযায়ী স্পিকারের সঙ্গে আলোচনা শেষে নির্বাচন কমিশন সরকারি গেজেটে প্রজ্ঞাপন জারির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

সাক্ষাতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্যান্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়া সহযোগী কর্মকর্তা হিসেবে উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.