জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে জুলাই সনদের ভিত্তিতে গণভোট হয়েছে, সেই একই ভিত্তিতে নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। তাই গণভোটকে অবৈধ বলা হলে সরকারও অবৈধ হয়ে যায়।
শনিবার (২৫ জুলাই) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদরাসা মাঠে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একেক সময় একেক ধরনের বক্তব্য দিচ্ছেন। কখনও তিনি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেন, আবার কখনও গণভোটকে অসাংবিধানিক বলে উল্লেখ করেন। এই দ্বৈত অবস্থান গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, জুলাই ঘোষণার ভিত্তিতেই যেমন গণভোট হয়েছে, তেমনি একই ভিত্তিতে নির্বাচনও হয়েছে। “যদি গণভোট অবৈধ হয়, তাহলে আপনার সরকারও অবৈধ। যদি গণভোট অসাংবিধানিক হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রধানমন্ত্রী অবৈধ, বিএনপি সরকারও অবৈধ।”
বিএনপির সমালোচনা করে সারজিস আলম বলেন, আওয়ামী লীগের আমলে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছিল। বিএনপি একই পথে হাঁটলে তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে।
তিনি অভিযোগ করেন, খাল খননের নামে বিএনপির নেতাকর্মীরা অনিয়মে জড়িয়ে পড়েছেন। “খাল খনন শুরু করতে গিয়ে টাকা খাওয়া, খালের মাটি খাওয়া, খালের বালু খাওয়া শুরু হয়েছে। এখন শুধু খালটাই খাওয়া বাকি আছে।”
সরকারি উন্নয়নকাজে কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে তিনি বলেন, রাস্তার কাজ শুরু হওয়ার আগে ঠিকাদারদের বিএনপির নেতাদের ‘পার্সেন্টেজ’ দিতে হচ্ছে। এতে নিম্নমানের কাজ হওয়ায় দীর্ঘমেয়াদি অবকাঠামোও অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে, যার ভোগান্তি সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ছিল, এখন নেই। বিএনপি আজ আছে, কাল নাও থাকতে পারে। কিন্তু জনগণ সবসময় থাকবে। তাই প্রশাসনের উচিত কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের পক্ষে থাকা।
তিনি আরও বলেন, “এই লড়াই বিএনপি, এনসিপি বা জামায়াতের দলীয় লড়াই নয়। এটি ভালো ও মন্দ, ন্যায় ও অন্যায়ের লড়াই।”
পথসভায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রপতি পদ নিয়ে নানা আলোচনা হলেও রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। তিনি বলেন, নতুন রাষ্ট্রপতি শেখ হাসিনার কোনো ‘এক্সটেনশন’ হতে পারবেন না।
তিনি আরও বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার নিশ্চিত করার বিষয়ে দৃঢ় অবস্থান নিতে হবে। পাশাপাশি শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, সীমান্ত হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিচার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে হবে। এসব মানদণ্ড পূরণ করতে পারলেই একজন ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার যোগ্য হবেন।
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন (চুপ্পু)-কে গ্রেপ্তারের দাবি জানিয়ে নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, সরকার যদি তাকে গ্রেপ্তার না করে, তাহলে মানুষ মনে করবে সরকারও একই পথে হাঁটছে।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম, ময়মনসিংহ জেলা আহ্বায়ক এটিএম মাহবুব আলম, সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর সদস্য সচিব ইকরাম এলাহী খান, ধোবাউড়া উপজেলা সমন্বয়কারী আতিকুর রহমান এবং এনসিপি মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুল্লাহ প্রমুখ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.