জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্পের আওতায় বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনের জন্য ২১১ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৩২৫ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির ব্যয় সরকারি অর্থায়ন ও বিশ্বব্যাংকের অর্থায়নে নির্বাহ করা হচ্ছে।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রকল্পের জোন-২এ ও জোন-২বি এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এতে মোট পাঁচটি দরপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে তিনটি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়।
দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা রেভেরি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে ভ্যাট ও করসহ মোট ২১১ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৩২৫ টাকায় কাজটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় ৩৩ কিলোভোল্ট সুইচিং স্টেশন, দুটি ২০/২৮ মেগাভোল্ট অ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ রূপান্তরক এবং প্রায় ৯ দশমিক ২৫ কিলোমিটার ৩৩ কিলোভোল্ট ভূগর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা হবে।
উল্লেখ্য, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্পটি ২০২১ সালের ২৯ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারিত রয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.