বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের কারণে ব্যবসা পরিচালনা দিন দিন কঠিন হয়ে উঠছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, ট্রেড লাইসেন্সসহ সরকারি সেবার অটোমেশন, ব্যাংক ঋণের সুদের হার হ্রাস, এলসি খোলার প্রক্রিয়া সহজীকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবি জানিয়েছেন তারা।
শনিবার (১১ জুলাই) রাজধানীর ধানমন্ডি কনভেনশন হলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘সার্বিক স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরা হয়। ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করতে আয়োজিত এ সভায় ১৫টি ব্যবসায়ী সংগঠনের নেতা ও প্রায় শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন।
সভায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বৈদেশিক মুদ্রা বিনিয়োগ নীতি বিভাগ) মাহমুদুন নবী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (রাজস্ব নীতি) নুসরাত ফারজানা, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) মো. তারেক জুবায়ের এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, দেশের ব্যবসায়ীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রশাসনিক জটিলতা, কর ও ভ্যাট সংক্রান্ত অস্পষ্টতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে পরিবহন ব্যয় বেড়েছে এবং সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্তে ব্যবসায়ীদের বিক্রয় উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে।
তিনি বলেন, সাম্প্রতিক বাজেটে উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা, শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে কর হ্রাস, সিএমএসএমই খাতের উন্নয়নে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ এবং পাঁচ বছরের জন্য স্থিতিশীল কর কাঠামোর ঘোষণা ইতিবাচক পদক্ষেপ। তবে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা এবং বাজেট ঘাটতি মেটাতে সরকারের ব্যাংক ঋণের ওপর নির্ভরশীলতা বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমিয়ে দিচ্ছে, যা বিনিয়োগের জন্য উদ্বেগের বিষয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, ট্রেড লাইসেন্সসহ সিটি করপোরেশনের বিভিন্ন সেবা পেতে হয়রানি কমাতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ডিসিসিআইর প্রস্তাবের ভিত্তিতে শিগগিরই ঢাকা চেম্বারে ট্রেড লাইসেন্স নবায়ন সপ্তাহ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের বলেন, চাঁদাবাজি দমনে অভিযান অব্যাহত রয়েছে। রাজধানীর কয়েকটি সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু হয়েছে এবং ‘স্মার্ট পুলিশিং-স্মার্ট সিটি’ প্রকল্পের মাধ্যমে এ প্রযুক্তি পুরো ঢাকায় সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় রয়েছে।
ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতা ও স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতার সীমাবদ্ধতায় ব্যবসা ও বিনিয়োগে কিছুটা মন্থরতা দেখা দিয়েছে। তবে তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার উদ্যোগ ব্যবসায়ীদের মূলধন ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে।
এনবিআরের দ্বিতীয় সচিব নুসরাত ফারজানা বলেন, ব্যবসা সহজীকরণে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। অর্থ আইন-২০২৬-এ ব্যবসা পরিচালনা সহজ করতে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন খাতে ২০৩৫ সাল পর্যন্ত শর্তসাপেক্ষে কর অব্যাহতির সুবিধা দেওয়া হয়েছে।
মুক্ত আলোচনায় ব্যবসায়ীরা চশমা শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানি সহজীকরণ, রিয়েল এস্টেট খাতে সাইনিং মানির ওপর কর কমানো, ফ্রিল্যান্সার ও ডিজিটাল মার্কেটিং নীতিমালা প্রণয়ন, ঢাকা আইসিডি কনটেইনার ডিপোতে দ্রুত খালাস ব্যবস্থা, নতুন উদ্যোক্তাদের জন্য এলসি খোলা সহজ করা, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে প্রণোদনা, ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ এক বছর থেকে পাঁচ বছরে উন্নীত করাসহ বিভিন্ন দাবি জানান।
অনুষ্ঠান শেষে ৩৯টি প্রতিষ্ঠানকে ডিসিসিআইর সদস্যপদ প্রদান করা হয়। এ সময় ডিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালেম সোলায়মান এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.