কৃষকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে অনুষ্ঠিত হয়েছে ‘উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা, আলোচনা সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ কর্মসূচি’। বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্দেশনায় এবং মাধবপুর উপজেলার ১৫টি তফসিলি ব্যাংকের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের কর্মসূচিতে লিড ব্যাংক হিসেবে মূল ভূমিকা পালন করে প্রাইম ব্যাংক পিএলসি।
মঙ্গলবার (৭ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. জাবেদ আহমদ। মাধবপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী।
অনুষ্ঠানে প্রান্তিক ও প্রকৃত কৃষকদের মাঝে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে মোট ৫০ জন কৃষকের মাঝে কৃষি ঋণের চেক বিতরণ করা হয়। প্রকাশ্যে এই ঋণ বিতরণ কার্যক্রমের ফলে ঋণ প্রক্রিয়ায় গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত কৃষক ও স্থানীয় জনগণের মাঝে কৃষিবিষয়ক একটি বিশেষ সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাইম ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. হুমায়ুন কবির, প্রাইম ব্যাংকের হেড অব এগ্রো বিজনেস শাহানা পারভীন এবং স্থানীয় তফসিলি ব্যাংকগুলোর শাখা প্রধান ও কর্মকর্তারা।
বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি ঋণের গুরুত্ব তুলে ধরেন এবং কৃষকদের সব ধরনের কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.