ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৬৯ হাজার

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। এছাড়া এই বিপর্যয়কর ঘটনায় অন্তত তিন হাজার ২৩৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৬৮ হাজার ৯০০ মানুষ।

দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ শনিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভূমিকম্পে অন্তত ৩ হাজার ২৩৮ জন আহত হয়েছেন এবং ৩ হাজার ১৪২টি পরিবার তাদের বসতবাড়ি হারিয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন উদ্ধারকর্মীরা।

রদ্রিগেজ জানান, বুধবারের দুটি প্রধান ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ৪৩০টি আফটারশক বা পরাঘাত অনুভূত হয়েছে। এসব পরাঘাতের কারণে উদ্ধারকারীদের বারবার অভিযান বন্ধ রাখতে হচ্ছে। এছাড়া ভারী উদ্ধার সরঞ্জামের সংকটও উদ্ধার তৎপরতাকে ধীর করে দিচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী কারাকাসের কাছে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ে আবার চালু হয়েছে। এতে বিদেশ থেকে আসা জরুরি ত্রাণসামগ্রী, চিকিৎসা সরঞ্জাম এবং উদ্ধারকারী দলের প্রবেশ সহজ হবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ইতোমধ্যে বিশেষায়িত অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসক এবং মানবিক সহায়তা ভেনেজুয়েলায় পাঠিয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, অস্থায়ী আশ্রয় এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে।

অন্যদিকে দীর্ঘদিনের অবহেলা ও সংকটের কারণে ভেনেজুয়েলার স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা নতুন করে সামনে এসেছে। অতিরিক্ত রোগীর চাপে অনেক হাসপাতাল প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে। নিখোঁজ স্বজনদের খোঁজে অপেক্ষমাণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশাও বাড়ছে, কারণ উদ্ধার অভিযান প্রত্যাশার তুলনায় ধীরগতিতে এগোচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.