মালয়েশিয়া ও চীন সফরের অর্জন ব্যক্তির নয়, দেশের: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের অর্জন ব্যক্তিগত নয়, বাংলাদেশের অর্জন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৭ জুন) সকালে সংসদে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমি যে কাজটি করার চেষ্টা করেছি, আমি আমার অবস্থান থেকে দেশের–দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষার চেষ্টা করেছি। এখানে কারও কোনো ব্যক্তিগত অর্জন নয়, ভালো কিছু হয়ে থাকলে তা বাংলাদেশের অর্জন।’

এর আগে সকাল ১১টায় শুরু হয় সংসদ অধিবেশন। কার্যসূচি ছিল বাজেটের ওপর আলোচনার। তবে শুরুতেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব আনেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ প্রস্তাবটি গৃহীত হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে এবং পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সফরকালে চীনের সঙ্গে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এছাড়া দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকটের সমাধানসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতির ভিত্তি তৈরি হয়েছে।’

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.