প্রতি বছর দুই যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা কিম জং উনের

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবার ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা দিয়েছেন। আরও বলেছেন, প্রতি বছর ২টি করে যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে উত্তর কোরিয়া এবং প্রতিটি জাহাজ হবে ৫ হাজার টনের।

আগামী ৫ বছর পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। দেশের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার উত্তর কোরিয়ার বন্দরনগরী নাম্পোতে চো হিয়ন নামের একটি ৫ হাজার টনের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে নিজেদের নৌবাহিনীতে কমিশন করে দেশটি। কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্বোচ্চ নেতা কিম জং উন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কিম জং উন বলেন, “আজ আমরা ৫ হাজার টনের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ চো হিয়নকে কমিশন করলাম। শিগগিরই ক্যাং কন নামের আরেকটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে কমিশন করা হবে। সেটিও ৫ হাজার টনের এবং সামরিক অপারেশনে ব্যবহারের উপযোগী।”

তিনি বলেন, “এখন থেকে আমরা প্রতি বছর দুটি করে যুদ্ধজাহাজ নির্মাণ করব। আগামী ৫ বছর এই প্রকল্প চলবে। এ প্রকল্পের আওতায় একটি ১০ হাজার টনের ক্রুজার যুদ্ধজাহাজও নির্মাণ করা হবে। এছাড়া দেশের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনাও সরকারের রয়েছে।”

এক প্রতিবেদনে গণমাধ্যম জানিয়েছে, চো হিয়নকে কমিশন করার আগে টানা ১৪ মাস জাহাজটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে উত্তর কোরীয় নৌবাহিনী।

গণমাধ্যমের আগের প্রতিবেদনে বলা হয়েছিল, চো হিয়ন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজটিতে উত্তর কোরীয় নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলো সংযোজন করা হয়েছে। গত এপ্রিল মাসে এই জাহাজ থেকেই পরীক্ষামূলকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

ভবিষ্যতে দেশের নৌ প্রতিরক্ষা খাতকে আরও উন্নত ও সমৃদ্ধ করা হবে উল্লেখ করে কিম জং উন বলেন, “দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র আমাদের পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে সামরিক সক্ষমতা বৃদ্ধি ছাড়া আর কোনো বিকল্প আমাদের হাতে নেই।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.