ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী তিন প্রার্থীকে সংবর্ধনা দিয়েছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর সিএ ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা এবং চট্টগ্রাম-৪ আসনের বিজয়ী প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বজ্ঞিপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পেশার সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি নির্বাচনী সাফল্য এবং জনসেবায় তাদের অঙ্গীকার ও জাতীয় উন্নয়নে তাদের অবদানের প্রতি সম্মান জানাতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রাতিষ্ঠানিক সুশাসন শক্তিশালীকরণ এবং বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করার জন্য জাতীয় প্রতিষ্ঠান হিসেবে আইসিএবি’র চলমান কার্যক্রমের অংশ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে সংসদ সদস্য নাসের রহমান বাংলাদেশে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পেশার উন্নয়নে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি রাজস্ব আহরণ ও শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সিএ ফার্মসমূহের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি পেশাগত শিক্ষার মানোন্নয়ন এবং সিএ পরীক্ষায় উত্তীর্ণের হার বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর জোর দেন।
সংসদ সদস্য মো. ফজলে হুদা দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধিতে সরকারের প্রচেষ্টাকে এগিয়ে নিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, কর্পোরেট সুশাসন ও সরকারি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ এবং আর্থিক কার্যক্রমের ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম-৪ আসনের বিজয়ী প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ ব্যক্তি ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে আইসিএবি সভাপতি এন কে এ মবিন এফসিএ ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ কৌশলগত অগ্রাধিকারসমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। তিনি পেশাগত মান উন্নয়ন, সেবা সম্প্রসারণ, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড নিশ্চিতের মাধ্যমে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পেশা তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে আইসিএবি’র চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
স্বাগত বক্তব্য রাখেন আইসিএবি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল এফসিএ।
অনুষ্ঠানে আইসিএবি’র ভাইস প্রেসিডেন্টবৃন্দ, কাউন্সিল সদস্যবৃন্দ, সাবেক প্রেসিডেন্টগণসহ অ্যাকাউন্ট্যান্সি খাতের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.