বাজারে আসছে ৫৬০০ কোটি টাকার বিনিয়োগ সুকুক

বাজারে আসছে সরকারের ৫৬০০ কোটি টাকার বিনিয়োগ সুকুক। এই সুকুকের নিলাম সোমবার (২২ জুন) অনুষ্ঠিত হবে। এতে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়েই বিনিয়োগ করতে পারবেন। ২২ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিলামে অংশ নিতে পারবেন বিনিয়োগকারীরা।

জানা গেছে, দেশের অবকাঠামো উন্নয়নে অর্থায়নের লক্ষ্যে এই সুকুক বাজারে আনছে সরকার। এই সুকুকের অর্থ ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের অর্থায়নে ব্যবহৃত হবে।

সুকুকটির মেয়াদ হবে ৫ বছর। এতে বিনিয়োগ করে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ হারে মুনাফা পাবেন বিনিয়োগকারীরা। প্রতি ছয় মাস অন্তর মুনাফা বিতরণ করা হবে। এই সুকুকে সর্বনিম্ন ১০ হাজার টাকা বিনিয়োগ করে অংশ নেওয়া যাবে। বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন প্রতিষ্ঠানও এতে বিনিয়োগের সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে থাকা গ্রাহকের রক্ষিত হিসাবের মাধ্যমে সুকুকে বিনিয়োগ করা যাবে। বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ সিকিউরিটিজ মডিউল (এসএসএম) ব্যবহার করে নিলাম কার্যক্রম সম্পন্ন হবে।

নতুন বিনিয়োগকারীদের নিলামে অংশ নিতে খুলতে হবে ‘সুকুক ইনভেস্টর (এসআই) আইডি’। যারা আগে থেকেই সুকুকে বিনিয়োগ করেছেন, তাদের নতুন করে আইডি খুলতে হবে না।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.