হরমুজ প্রণালি পাড়ি দিল একাধিক তেলবাহী ট্যাঙ্কার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা স্বাক্ষরের আগেই বেশ কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালির অবরোধ অতিক্রম করেছে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তিতে পৌঁছানোর পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর দুই দিন আগে এ ঘটনা ঘটেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের বরাতে বুধবার (১৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

তেল পরিবহন ও মজুত তদারকি করা ওয়েবসাইট ‘ট্যাঙ্কার ট্র্যাকার্স’ জানিয়েছে, গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান। ডিজিটাল ট্র্যাকিং ডেটা ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের ভিত্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটাতে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চূড়ান্ত আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার খবরে বিশ্ববাজারে তেলের দামও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ট্যাঙ্কার ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির (এনআইটিসি) ‘ডিওনা’ এবং ‘হিরো-২’ নামের দুটি ট্যাঙ্কার অবরোধ অতিক্রম করেছে। ট্যাঙ্কার দুটিতে মোট ৩৮ লাখ ব্যারেল তেল রয়েছে। এছাড়া বুধবার ‘স্ট্রিম’ নামের আরেকটি ট্যাঙ্কার ইরানের একটি বন্দরের উদ্দেশে যাত্রা করেছে।

এনআইটিসির ‘সোনিয়া-১’ নামের আরেকটি ট্যাঙ্কার ১০ লাখ ব্যারেল তেল নিয়ে বুধবার অবরোধ অতিক্রম করেছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে ট্র্যাকিং ওয়েবসাইটটি।

কর্মকর্তারা জানিয়েছেন, সমঝোতা স্বাক্ষরের পরপরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। ৬০ দিনব্যাপী ওই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে।

সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সমঝোতা স্বাক্ষরের পর ইরানকে তাৎক্ষণিকভাবে তেল ও জ্বালানি বিক্রির অনুমতি দেবে যুক্তরাষ্ট্র। দেশটির তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলও অবিলম্বে কার্যকর করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত-রাভানচি এবং তেহরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ইলেকট্রনিকভাবে এ সমঝোতায় স্বাক্ষর করেছেন। আগামী শুক্রবার এটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.