ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের পাইলট নিরাপদে বের হয়ে আসলেও তিনি গুরুতর আহত হয়েছেন। বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। রোববার (১৪ জুন) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১ এবং থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুপুর ১২টার দিকে এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি ক্যালিফোর্নিয়ার মেরিন কোর এয়ার স্টেশন মিরামারের অন্তর্ভুক্ত ছিল।
বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত প্রশিক্ষণ চলাকালে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিরাপদে বের হয়ে আসেন। পরে স্থানীয় শেরিফ কর্মকর্তারা তাকে উদ্ধার করেন।
নাচেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রিমরক লেকের কাছে এই দুর্ঘটনায় পাইলট গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়াকিমা কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের এক ডেপুটি দুর্ঘটনার পর পাইলটের সঙ্গে যোগাযোগ করেন।
ফায়ার ডিপার্টমেন্ট আরও জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিভাগের এক বার্তায় বলা হয়েছে, তাদের ইউনিটগুলো বেয়ার ক্রিক কেবিনের নিকটবর্তী স্থাপনার সুরক্ষায় কাজ করেছে। পরে অভিযান শেষ করে দুর্ঘটনাস্থল থেকে ফিরে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে একটি ওয়াটার টেন্ডার মোতায়েন রয়েছে। রোববারও তারা কাজ চালিয়ে যাবে।
মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে। বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের নিরপেক্ষতা বজায় রাখতে এই মুহূর্তে বিস্তারিত আর কিছু জানানো সম্ভব নয়।
দুর্ঘটনাস্থলটি ওকানোগান-ওয়েনাচি ন্যাশনাল ফরেস্টের অন্তর্ভুক্ত। এটি সিয়াটল থেকে প্রায় ১২৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.