এখন থেকে দেশের শীর্ষস্থানীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশব্যাপী তার ডিস্ট্রিবিউটর ফিল্ড ফোর্সের ইনসেন্টিভ সরাসরি প্রদান করবে বিকাশের মাধ্যমে। এর ফলে মাঠপর্যায়ে গ্রামীণফোনের আর্থিক ব্যবস্থাপনা হয়ে উঠবে আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ। একই সঙ্গে সুবিধাভোগীরা নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে ইনসেন্টিভ গ্রহণ করে তা প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ব্যবহার করতে পারবেন।
সোমবার (৮ জুন) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি রাজধানীর জিপি হাউসে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোহাম্মদ শরীফ মাহমুদ খান এবং ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান শেখ ইফতেখার আহমেদ। বিকাশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, বিজনেস সেলস বিভাগের প্রধান মাসরুর চৌধুরী এবং টেলিকম পেমেন্টস বিভাগের ইভিপি ও প্রধান শাফায়াতুল ইসলাম খান।
এই চুক্তির অধীনে গ্রামীণফোন তার দেশব্যাপী ফিল্ড ফোর্সের (মাঠকর্মীদের) ইনসেন্টিভের অর্থ সরাসরি বিকাশ অ্যাকাউন্টে পাঠাতে বিকাশের ‘ডিসবার্সমেন্ট সল্যুশন’ ব্যবহার করবে। এর মাধ্যমে মাঠ পর্যায়ে আর্থিক ব্যবস্থাপনা যেমন দ্রুত, নিরাপদ ও কার্যকর হবে, তেমনি পরিচালনগত জটিলতাও হ্রাস পাবে।
এদিকে, এই সেবার সুবিধাভোগীরা দেশজুড়ে ছড়িয়ে থাকা বিকাশ এজেন্ট পয়েন্ট বা এটিএম বুথ থেকে সহজেই তাদের প্রয়োজনমতো অর্থ যেকোনো সময় ক্যাশ আউট করে নিতে পারবেন। ক্যাশ আউটের পাশাপাশি তারা বিকাশ দিয়ে বিভিন্ন ধরনের পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, সেভিংস খোলা, লোন নেওয়া, রেমিটেন্স গ্রহণ, ই-টিকেটিং, অনুদান প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন প্রয়োজন অনুযায়ী।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.